যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পাদকীয়

বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনা ভ্যানিলা, দরকার পরিকল্পনা

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনা ভ্যানিলা, দরকার পরিকল্পনা

বিশ্ববাজারে জাফরানের পরই মূল্যবান মসলা হিসেবে ভ্যানিলার কদর ও চাহিদা। খাদ্য ও পানীয় শিল্প থেকে শুরু করে সুগন্ধি, প্রসাধনী ও ওষুধশিল্প—বিভিন্ন ক্ষেত্রে ভ্যানিলার ব্যাপক ব্যবহার রয়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে চাহিদার বড় একটি অংশ পূরণ করতে হয় আমদানির মাধ্যমে। এমন বাস্তবতায় দেশের মাটিতে ভ্যানিলার বাণিজ্যিক চাষের সম্ভাবনা তৈরি হওয়া নিঃসন্দেহে আশাব্যঞ্জক খবর। যশোরের চৌগাছার কৃষি উদ্যোক্তা সরোয়ার হোসেনের উদ্যোগ সেই আশাই জাগাচ্ছে।

সুবর্ণভূমিতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালে মাত্র পাঁচ কাঠা জমিতে ভ্যানিলার চাষ শুরু করেন সরোয়ার হোসেন। বর্তমানে তার বাগানে ১৬৫টি গাছ রয়েছে, যার মধ্যে ১৭টি গাছে ফল এসেছে। এর আগে পাশের ঝিনাইদহের মহেশপুরে নজরুল ইসলাম পরীক্ষামূলকভাবে ভ্যানিলা চাষ শুরু করেন। তাদের অভিজ্ঞতা প্রমাণ করে, যথাযথ পরিচর্যা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশেও ভ্যানিলা উৎপাদনের সুযোগ রয়েছে।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভ্যানিলা চাষের জন্য বিপুল পরিমাণ উর্বর কৃষিজমির প্রয়োজন নেই। আম, কাঁঠাল, জাম, সুপারি কিংবা মেহগনির মতো গাছের বাগানে যে আধোছায়াযুক্ত পরিবেশ থাকে, সেখানে ভ্যানিলা চাষ করা সম্ভব। দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের পতিত ও অব্যবহৃত জমি রয়েছে। সেসব জমিকে উৎপাদনমুখী কাজে লাগানো গেলে একদিকে কৃষকের বাড়তি আয় হবে, অন্যদিকে নতুন একটি সম্ভাবনাময় কৃষিপণ্যের উৎপাদন বাড়বে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে আয়ের বিকল্প উৎস।

তবে ভ্যানিলা চাষের সম্ভাবনা দেখেই ব্যাপকভাবে উৎপাদনে ঝাঁপিয়ে পড়া সমীচীন হবে না। কারণ, এটি অত্যন্ত সংবেদনশীল ও পরিচর্যানির্ভর ফসল। চারা রোপণের পর ফুল ও ফল পেতে অন্তত দুই থেকে তিন বছর অপেক্ষা করতে হয়। আমাদের দেশে প্রাকৃতিক পরাগায়নের উপযোগী নির্দিষ্ট মাছি না থাকায় হাতে পরাগায়ন করতে হয়। ফুল ফোটার পর কয়েক ঘণ্টার মধ্যেই পরাগায়নের কাজ সম্পন্ন করতে হয়। আবার ফল সংগ্রহের পর বিশেষ পদ্ধতিতে গাঁজন ও শুকানোর মাধ্যমে এর কাঙ্ক্ষিত ঘ্রাণ ও গুণগত মান তৈরি করতে হয়। অর্থাৎ শুধু উৎপাদন নয়, উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনাও এ ফসলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখানেই সরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সবচেয়ে বেশি। ভ্যানিলার উপযোগী জাত নির্বাচন, চাষপদ্ধতি উদ্ভাবন, রোগবালাই নিয়ন্ত্রণ, পরাগায়ন কৌশল এবং প্রক্রিয়াজাতকরণ বিষয়ে গবেষণা জোরদার করতে হবে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ, মানসম্মত কাটিং সরবরাহ এবং প্রদর্শনী বাগান স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মসলা গবেষণা প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করলে ভ্যানিলা চাষকে আরও বিস্তৃত করা সম্ভব।

বাজারব্যবস্থাপনাও একটি বড় চ্যালেঞ্জ। ভ্যানিলা কাঁচা অবস্থায় সুগন্ধহীন। সঠিকভাবে প্রক্রিয়াজাত না করলে আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত মূল্য পাওয়া সম্ভব নয়। তাই উৎপাদনের পাশাপাশি আধুনিক প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক মান অনুযায়ী ল্যাব পরীক্ষা ও সনদ নিশ্চিত করা জরুরি। সরোয়ার হোসেনের উৎপাদিত ভ্যানিলার গুণগত মান পরীক্ষার উদ্যোগ এ ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ। পাশাপাশি দেশীয় খাদ্য ও প্রসাধনী শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে স্থানীয় ভ্যানিলা উৎপাদকদের সংযোগ তৈরি করতে হবে। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি দেশীয় বাজারও গড়ে উঠবে।

আরেকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন—কৃষকদের বাজার ও ন্যায্যমূল্য নিশ্চিত না করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানানো উচিত নয়। আন্তর্জাতিক বাজারের চাহিদা, দামের ওঠানামা এবং উৎপাদন ব্যয়ের হিসাব বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রয়োজনে উৎপাদকদের সমবায় বা সংগঠনের আওতায় এনে বিপণন ও রপ্তানির ব্যবস্থা করা যেতে পারে।

ভ্যানিলা বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার নাম। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বিচ্ছিন্ন কয়েকজন উদ্যোক্তার প্রচেষ্টার ওপর নির্ভর করলে চলবে না। প্রয়োজন সরকারি-বেসরকারি সমন্বয়, গবেষণা, প্রশিক্ষণ, বিনিয়োগ এবং কার্যকর বাজারব্যবস্থা। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে ভ্যানিলা একসময় দেশের কৃষিপণ্যের তালিকায় গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, আমদানি ব্যয় হ্রাস এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পথও খুলে দিতে পারে। এখনই সময় এই সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে কাজে লাগানোর।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)