স্টাফ রিপোর্টার
, যশোর
ডেঙ্গু প্রতিরোধে যশোর শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রোববার যশোর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। এতে নগর বিএনপি, নয় নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযানে বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি ও ময়লা জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যশোর শহরের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।