কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার বিত্তিপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া পিকআপে থাকা তিনটি ঘোড়াও এই দুর্ঘটনায় মারা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নড়াইল জেলার বাসিন্দা সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, শুক্রবার সকালে ঘোড়াবাহী একটি পিকআপভ্যানটি নড়াইলের দিকে যাচ্ছিল। সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় সেটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সিফায়েতের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও প্রাণ হারিয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।