যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিলের জলে হাঁস পালনে স্বপ্ন বুনন

আব্দুল্লাহ আল মাসুদ

, ঝিনাইদহ

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১১:০০ এ এম
বিলের জলে হাঁস পালনে স্বপ্ন বুনন

মালয়েশিয়ায় সাত বছর থেকেও ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি মাজেদুল ইসলাম। দেশে ফিরে শুরু করেন হাঁস পালন। তবে, প্রচলিত খামার পদ্ধতির বাইরে গিয়ে বেছে নেন বিলের প্রাকৃতিক খাবারে হাঁস বড় করার কৌশল। প্রতিদিন ১৪ বছর বয়সী শিলন শেখকে সঙ্গে নিয়ে দু’বেলা বিলের পানিতে হাঁস চরান তিনি। তার ‘ক্যাম্বেল ডাক শুনলেই ছুটে আসে শত শত হাঁস। এভাবে প্রায় পাঁচ মাসে বিলের শামুক, জলজ পোকামাকড় ও কচুরিপানা খাইয়ে বড় করেছেন ছয়শ’ হাঁস। এখন সেগুলোর বেশিরভাগই ডিম দিচ্ছে।

কম খরচে হাঁস পালনের এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় সাড়া ফেলেছেন বিদেশ ফেরত মাজেদুল।

সরেজমিনে দেখা যায়, বিলের পাশে হাঁসের থাকার জন্য বড় একটি ঘর, সেখানে কয়েকশ’ হাঁস। ঘরের দরজা খুলে ক্যাম্বেল বলে ডাক দিতেই বিলের পানিতে নামে হাঁসগুলো। কখনো পানিতে ডুব দিয়ে খাবার খোঁজে, কখনো কচুরিপানার ফাঁকে ঘুরে বেড়ায়। আর বিলের এক পাশে লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন মাজেদুল ইসলাম। মুখে ডাক দেন, ‘ক্যাম্বেল’। মুহূর্তেই যেন সাড়া পড়ে যায় পুরো বিলে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাঁসগুলো আবার একে একে ছুটে আসে তার দিকে। দৃশ্যটি মনোরম।

ঝিনাইদহ সদরের কালুহাটি উত্তরপাড়া গ্রামের ওয়াদুদ মন্ডলের ছেলে মাজেদুল। সাত বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। স্বপ্ন ছিল প্রবাসের আয় দিয়ে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করার। কিন্তু সাত বছর প্রবাসে থেকেও আশানুরূপ কিছু করতে পারেননি। শেষপর্যন্ত দেশে ফিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের পথ হয়ে ওঠে হাঁসের খামার।

গ্রামের মাঠে বিলের মধ্যে চার কাঠা জমি লিজ নিয়ে গড়ে তোলেন খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার। শুরুতে কিনে আনেন ৪৫০টি হাঁসের বাচ্চা। খামারের জন্য তৈরি করেন ছোট একটি শেড। তবে, অন্যদের মতো শুধু ঘরের মধ্যে খাবার দিয়ে হাঁস বড় করার পথে হাঁটেননি তিনি। বরং বেছে নেন ভিন্ন এক পদ্ধতি, বিলের প্রাকৃতিক খাবার।

মাত্র কয়েক দিন বয়স থেকেই হাঁসের বাচ্চাগুলোকে গ্রামের বিলের বিভিন্ন জমিতে চরাতে নিয়ে যান। সঙ্গে নেন একই গ্রামের ১৪ বছর বয়সী কিশোর শিলন শেখকে। প্রতিদিন নিয়ম করে সকাল ও বিকেলে দু’বেলা হাঁসগুলোকে বিলে ছেড়ে দেওয়া হতো। সেখানে ছোট শামুক, জলজ পোকামাকড় ও কচুরিপানা খেয়েই বড় হতে থাকে হাঁসগুলো। এভাবে প্রায় পাঁচ মাস চলে তাদের বেড়ে ওঠা। এর মধ্যে কিছু বাচ্চা মারা গেলেও বর্তমানে খামারে টিকে আছে পাঁচ শতাধিক হাঁস। বয়স হয়েছে পাঁচ মাস। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ হাঁস প্রতিদিন ডিম দিচ্ছে।

মাজেদুল ইসলাম বলেন, বিলের ধারেই আমাদের বাড়ি। বাড়ি থেকে কিছুটা দূরে বিলের মধ্যে হাঁস পালনের খামার গড়ে তুলতে টিনশেডের ঘর, খাবার সংরক্ষণের ঘর এবং ৬০০টি হাঁসের বাচ্চাসহ প্রাথমিকভাবে প্রায় তিন লাখ টাকা খরচ হয়। তিনি জানান, খামারে প্রতিদিন প্রায় আড়াই হাজার টাকার খাবার দিতে হয়। তবে হাঁসগুলো মাঠ ও বিলে ছেড়ে পালন করলে খাবারের খরচ প্রায় ৯০ শতাংশ কম। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি লাভের পরিমাণও বাড়ে। সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা লাভ থাকে বলে জানান তিনি।

আগামী বছর আরও শেড তৈরি করে নতুন করে দেড় হাজার হাঁসের বাচ্চা তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান।

হাঁসগুলো যাতে দলছুট হয়ে না যায়, সেদিকে সারাক্ষণ নজর রাখতে হয় শিলন শেখকে।

শিলন জানায়, হাঁসগুলো যাতে এলোমেলো হয়ে না যায়, সে জন্য পাহারা দিতে হয়। অনেক সময় শেয়াল আসে হাঁস শিকার করতে। তাই বিলে ছেড়ে দিয়ে লাঠি হাতে পাশে বসে থাকে।

ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিনাক্ষী নাগ বলেন, রোগমুক্ত রেখে প্রাকৃতিক খাবারের মাধ্যমে হাঁস পালন করা গেলে এটি খুবই ভালো উদ্যোগ। প্রাকৃতিক উৎসের খাবার খাওয়ালে ডিম ও মাংসের মানও ভালো থাকে। তবে ডিম দেওয়ার সময় হাঁসের শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। এ সময়ে নিয়মিত পুষ্টিকর খাবার দিতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)