মেহেরপুর প্রতিনিধি
জেলার গাংনী উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে রামকৃষ্ণপুর বিওপির আওতাধীন মদনের ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি একনলা দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি।
তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য দশ হাজার ৪০০ টাকা। তবে অভিযানের সময় অস্ত্র ও গুলির সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে উদ্ধার করা পিস্তল ও গুলি গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।