সুবর্ণভূমি ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে। ভর্তি পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ৫০ নম্বর এবং চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি: প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমান তালিকাও প্রস্তুত রাখতে হবে।
নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়-নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অষ্টম শ্রেণি-সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য হতে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে।
ভর্তি পরীক্ষার সময় ও মান বণ্টন: দ্বিতীয়-তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান- ৫০, তন্মধ্যে বাংলা-১৫, ইংরেজি-১৫ ও গণিতে-২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা।
চতুর্থ-নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান- ১০০, তন্মধ্যে বাংলা-৩০, ইংরেজি-৩০ ও গণিতে-৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।
প্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসন সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয়-স্থানীয় পত্রিকায়-ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেবেন।
ভর্তির আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি: লিখিত পরীক্ষার সব ভর্তির আবেদন ফরম বিদ্যালয় অফিস এবং বিদ্যালয়ের ওয়েবসাইট (যদি থাকে) থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম বিতরণ ও জমার জন্য বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে। তবে আবেদন ফরম বিতরণের জন্য ন্যূনতম সাত কার্যদিবস সময় দিতে হবে।
আবেদন ফরমের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে সংযুক্ত করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার সময় ফরমের নিচের অংশ রোল নম্বর দিয়ে প্রবেশপত্র হিসেবে শিক্ষার্থীকে দেওয়া হবে এবং উপরের অংশ কমপক্ষে এক বছর বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে।
ভবিষ্যতে একটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট তৈরি করবে এবং অনলাইনে শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ ও ফল প্রকাশ করবে।
শূন্য আসন নিরূপণ: বার্ষিক পরীক্ষার পরপরই প্রতিষ্ঠান প্রধানরা বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবেন এবং নির্ধারিত ছক পূরণপূর্বক ভর্তি কমিটি বরাবর পাঠাবেন।