সাতক্ষীরা প্রতিনিধি
পরীক্ষার খাতায় নাম লেখার পরিবর্তে রোল নম্বর প্রথার প্রবক্তা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর শিক্ষা ও সমাজসংস্কারমূলক অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বক্তারা।
শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা বলেন, অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান আজ দেশ-বিদেশের নানা বিশ্ববিদ্যালয় ও সুধীসমাজে গভীরভাবে চর্চিত ও স্বীকৃত। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, যে সাতক্ষীরার মাটিতে তাঁর জন্ম ও কর্মসাধনা, সেই জেলার সাধারণ মানুষ ও নতুন প্রজন্মের কাছে তাঁর সামাজিক ও শিক্ষাগত অবদান অনেকটাই অনালোচিত রয়ে গেছে। কেবল আধ্যাত্মিক আবরণে দেখার কারণে মানুষ তাঁর বহুমুখী সমাজসংস্কার সম্পর্কে যথার্থভাবে অবগত নয়।
সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান বলেন, ‘হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন একাধারে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী এবং মানবতাবোধে উদ্বুদ্ধ এক মহান ব্যক্তিত্ব। তৎকালীন অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষাদীক্ষা ও সামাজিক মর্যাদার উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। শিক্ষা বিভাগে কর্মরত থাকাকালে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার পরিবর্তে রোল নম্বর প্রথার প্রবর্তনসহ অসংখ্য যুগান্তকারী সংস্কার তারই হাত ধরে এসেছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম। কেন্দ্রীয় খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।
মূল প্রবন্ধে ড. মো. একরাম হোসেন উল্লেখ করেন, ‘হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) শিক্ষা, সাহিত্য, সমাজসংস্কার ও আধ্যাত্মিক সাধনায় এক কালজয়ী মহাপুরুষ। তার বহুমুখী বুদ্ধিদীপ্ত কর্মের সুফল অবিভক্ত বঙ্গবাসী শতাব্দীকাল ধরে ভোগ করে এসেছে, যার ধারাবাহিকতা আজও আধুনিক সমাজ ও শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান। আজ আমরা যে আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি ও সম্প্রীতিমূলক সমাজব্যবস্থার কথা বলি—বঙ্গীয় মুসলমান সমাজে এসবের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।’
মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসম্পাদক ইকবাল মাসুদ এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হক। এছাড়া সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেমসহ অন্যরা আলোচনায় অংশ নেন।
সেমিনারে বক্তারা খানবাহাদুর আহ্ছানউল্লার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় তার নামে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এক্ষেত্রে প্রস্তাবিত সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ‘খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়।