স্টাফ রিপোর্টার
, যশোর
জমি বিক্রির ক্ষেত্রে কমিশন দাবির অভিযোগে বিএনপি ও যুবদলের পাঁচ নেতার বিরুদ্ধে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার হাবিবুল্লাহ সরদারের ছেলে সালাউদ্দীন বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
এই তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী খালেদ হাসান।
মামলার আসামিরা হলেন—অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল মোল্লা (৩৫), বনগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান সুজা (৫০), সাধারণ সম্পাদক আহাদ আলী (৪৮), বনগ্রাম ওয়ার্ড যুবদলের সভাপতি কাদের মোল্লা (৫৫) এবং সাধারণ সম্পাদক আসাদ (৪৮)।
মামলার অভিযোগে সালাউদ্দীন উল্লেখ করেন, তার বাবা অভয়নগর থানার প্রেমবাগ মৌজার ২৫১৭, ২৫০৩ ও ২৫২১ নম্বর দাগে ক্রয়সূত্রে ৪২ শতাংশ জমির মালিক। এ ছাড়া হেবা দলিলের মাধ্যমে ওই মৌজায় বাদীর আরও সম্পত্তি রয়েছে।
অভিযোগে বলা হয়, কয়েক মাস ধরে জমি বিক্রির জন্য ক্রেতা খোঁজা ও আলোচনা করার সময় আসামিরা জমি বিক্রি করতে হলে প্রতি লাখে দশ হাজার টাকা কমিশন দিতে হবে বলে দাবি করেন। কমিশন দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বাদীর বিরোধ সৃষ্টি হয়।
বাদীর অভিযোগ, এর ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তিনি প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামে গেলে আসামিরা তার বাড়ির সামনে হাজির হয়ে ডাকাডাকি করেন। তিনি স্বজনদের সাথে বাইরে এলে আসামি সোহেল মোল্লা তাকে গালিগালাজ করেন এবং আহাদ আলী মারতে উদ্যত হন। হইচই শুনে স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা সেখান থেকে চলে যান।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা সালাউদ্দীন ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জমি বিক্রির ক্ষেত্রে কমিশন আদায়ের জন্য চাপ দেন। না হলে মিথ্যা মামলায় ফাঁসানো ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তার।
মামলার বাদী সালাউদ্দীন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আদালতে মামলা করেছেন বলে জানান।