স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে শতাধিক দরিদ্র ও অসহায় মূক-বধির সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের স্টেডিয়াম রোড পশ্চিমপাড়ায় ‘যশোর মূক ও বধির সংঘের’ কার্যালয়ে এই মানবিক সহায়তার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দীন টিপু বলেন, ‘সমাজের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আমাদেরই অংশ। তাদের কষ্টের দিনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ব্যবসায়ী সমাজের পাশাপাশি বিত্তবানদের উচিত এসব মানবিক কাজের সাথে থাকা যাতে তারা আরও বড় পরিসরে সেবা পেতে পারে।’
তিনি বলেন, এনজিও এবং সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের ফলে প্রান্তিক পর্যায়ের মানুষ উপকৃত হচ্ছে। মূক ও বধির সংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, যা এই মানুষদের মুখে হাসি ফোটাবে।
সংগঠন সূত্রে জানা গেছে, এদিন তালিকাভুক্ত মোট ১২০ সদস্যের প্রত্যেককে ৭৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা করা হয়।
যশোর মূক ও বধির সংঘের সভাপতি তোফাজ্জেল হোসেন মানিকের সভাপতিত্বে এজাজ উদ্দীন টিপু ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, এনজিও সমন্বয়ক শাহাজান নান্নু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নান্টু কর্মকার।
সভাপতির বক্তব্যে তোফাজ্জেল হোসেন মানিক বলেন, ‘আমরা সামর্থ্য অনুযায়ী সদস্যদের পাশে থাকার চেষ্টা করি। ১২০ জন সদস্যকে আজ এই ক্ষুদ্র উপহার তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে কিছু করার আকাঙ্ক্ষা রয়েছে।’
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।