কুষ্টিয়া প্রতিনিধি
সংগৃহীত-
ছবি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দশ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মধ্যকার ম্যাচের শেষ মুহূর্তে বল থ্রো-ইনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে মারামারিতে অন্তত সাতজন আহত হন। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পরে বিষয়টি মীমাংসার জন্য প্রশাসনের পক্ষ থেকে দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। এরই মধ্যে বিকেল ৪টার দিকে একই ফুটবল খেলাকে কেন্দ্র করে ফার্মেসি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আরও তিনজন আহত হন। দুই দফার ঘটনায় চার বিভাগের অন্তত দশ শিক্ষার্থী আহত হয়েছেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। একই সঙ্গে বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে।