ঝিনাইদহ প্রতিনিধি
ট্রেনে ওঠার সময় ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে পা পিছলে পড়ে দুই পা হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন তিনি।
শনিবার সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ স্টেশনে বিরতির পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় পা পিছলে প্লাটফর্ম থেকে নীচে পড়ে গেলে ট্রেনের চাকায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
রাবেয়া খাতুন, রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার নয়ন খন্দকার এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
‘যশোর যাওয়ার পথে বারীনগর এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা গেছেন বলে লোকমুখে জেনেছি,’ বলেন স্টেশন মাস্টার।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্টেশনটির প্লাটফর্ম নিচু হওয়ায় ওই নারী ট্রেনে উঠতে গিয়ে নীচে পড়ে যান।