কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোর জিহাদ হোসেনের (১৫) মরদেহ ভাসমান অবস্থায় খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় ভেড়ামারা মডেল থানা পুলিশ বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
জিহাদ মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর কারিগরপাড়ার হাসান আলীর ছেলে। সে সোমবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার সময় বুদ্ধি ও বাক প্রতিবন্ধী জিহাদ তার বাবার সাথে সকালের খাবার খায়। তাকে সাধারণত বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখা হত। তার বাবা হাসান সোমবার সকালে মাছ মারার জন্য তৈরি হতে গেলে এর ফাঁকে সে বাড়ি থেকে চলে যায়। এ সময় অনেক খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে, রাতে তার সন্ধানে মাইকিং করা হয়।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে জিহাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে পানচাষি আমিরুল ইসলাম তার বরজের পাশের খালে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘আমরা নিখোঁজ প্রতিবন্ধী কিশোর জিহাদের ভাসমান মরদেহটি উদ্ধার করেছি। তার সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’