কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের বাসিন্দা ও সরকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট আনিছুর রহমানের বাবার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। তার ও পরিবারের সদস্যদের নিয়ে ‘অপপ্রচার’ বন্ধেরও আহ্বান জানিয়েছেন আনিছুর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কয়রা উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট আনিছুর রহমান বলেন, সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে তার বাবা আলহাজ মোবারক আলী গাজীসহ পরিবারের সদস্যদের নামে ‘জাল কাগজে জমি দখলের চেষ্টা’ সংক্রান্ত অভিযোগ করা হয়েছে।
এছাড়া সাবেক সরকারি কর্মকর্তা কৃষিবিদ ড. হারুন অর রশীদের নাম ব্যবহার করে দেওয়া বক্তব্য ও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
অ্যাডভোকেট আনিছুর রহমানের দাবি, মহারাজপুর এলাকার এসএ রেকর্ডীয় মালিক সোনাই মিস্ত্রির ওয়ারেশদের কাছ থেকে তার পিতা ১৯৭৬ সালে দুটি দলিলের মাধ্যমে ১ দশমিক ৩৩ একর জমি কেনেন। ওই জমি তাদের ভোগদখলে ছিল এবং বিভিন্ন জরিপে তাদের নামে রেকর্ড ও পর্চা প্রস্তুত হয়েছে।
তিনি আরও জানান, ২০২৩-২৪ সালে জমির সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে তার পিতা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় তদন্ত ও সরেজমিন প্রতিবেদন দাখিলের পর আদালতের আদেশে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
পরে তার প্রতিপক্ষরা দেওয়ানি আদালতে ১৫২/২৬ মামলা দায়ের করেন। ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওই মামলায় প্রতিপক্ষরা পরাজিত হয়। এছাড়া প্রতিপক্ষরা একটি এমআর ২৬৭/২৫ নম্বর মামলা দায়ের করে। সেই মামলায়ও তারা পরাজিত হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করে উল্টো তাদের বিরুদ্ধে 'জাল-জালিয়াতি'সহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসব বক্তব্য সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। বিষয়টি স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্টদের সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি।
এ সময় অ্যাডভোকেট আনিছুর রহমান মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ বা তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করেন।