ঝিনাইদহ প্রতিনিধি
সুবর্ণভূমি-
ছবি:
ঝিনাইদহে সাংবাদিক ও ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরুদ্ধে করা ধর্ষণচেষ্টার মামলা আদালত খারিজ করে দেওয়ার পর বাদী বিউটি খাতুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।
আদালত ও পুলিশ সূত্র জানায়, ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে বিউটি খাতুনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক মিরাজ জামান রাজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ওই জমি নিয়ে বিরোধের জেরে বিউটি খাতুন মিরাজ জামান রাজের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে দেখে যে, কেবল জমিজমার বিরোধের জের ধরেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। গত ৯ জুলাই আদালত মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ঘোষণা করে খারিজ করে দেন। পাশাপাশি মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক মিরাজ জামান রাজ জানান, দীর্ঘদিন ধরে বিউটি খাতুন তার মায়ের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। জমি উদ্ধারে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলাকালে বিউটি খাতুন ও আবু সাঈদ বিশ্বাস চেয়ারম্যানের লোকজন তার ওপর হামলা চালান।
জমির মালিকানা বুঝে না পেয়ে এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে আবু সাঈদ বিশ্বাসের নির্দেশে বিউটি খাতুন তার বিরুদ্ধে ওই ধর্ষণচেষ্টার মামলা করেন। পিবিআইয়ের দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বিষয়টি প্রমাণিত হয় যে, জমিজমার বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।
ঝিনাইদহ সদর থানার এএসআই লিটন জানান, তদন্ত ও আইনি প্রক্রিয়ায় মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।